নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পাওনা টাকা চাওয়া নিয়ে বিবাদে নিজাম উদ্দিন (১৭) নামে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। রোববার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চর আলাউদ্দিন গ্রামে তাকে বেধড়ক পেটানো হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মো. হুমায়নকে (২১) আটক করেছে। তিনি চর আলাউদ্দিন গ্রামের মো. মানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজাম তার বড় ভাই আকবরের সঙ্গে ভাড়ায় মোটরসাইকেল চালাতো। শনিবার (১২ ডিসেম্বর) সকালে আকবরের কাছ থেকে মোটরসাইকেল ভাড়া নেয় একই এলাকার সাইফুল ইসলাম (২৫)। বিকেলে মোটরসাইকেল ফেরত দিলেও ভাড়ার টাকা দেয়নি সাইফুল।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (১৩ ডিসেম্বর) স্থানীয় বাজারে সাইফুলের কাছে ভাড়ার টাকা চায় নিজাম। সাইফুল টাকা দিতে অপারগতা প্রকাশ করলে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। স্থানীয়রা এগিয়ে এসে তাদের শান্ত করলে তারা চলে যায়। স্থানীয়দের বরাত দিয়ে চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক বলেন, পরে সাইফুল ও তার সহযোগী ৭/৮ জন যুবক নিজামকে কৌশলে আলাউদ্দিন বাজারের পাশের নির্মাণাধীন কালভার্টের কাছে ডেকে নিয়ে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলে নিজামের মৃত্যু হলে তারা পালিয়ে যায়।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এক যুবককে আটক করা হয়েছে বলে জানান ওসি মো. জিয়াউল হক।